
সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনায় নারীর প্রতি অনলাইনে সংঘটিত সহিংসতা রোধ ও ডিজিটাল সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)।
বুধবার (৫ নভেম্বর) নগরীর শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে উৎসাহমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় আয়োজন করা হয় এই কর্মসূচি। খুলনা জেলায় প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন (সিডব্লিউএফ)।
প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪১ জন শিক্ষার্থী। তাদের আঁকায় ফুটে ওঠে অনলাইনে নারীর প্রতি সহিংসতা, সাইবার নিরাপত্তা ও নিরাপদ ডিজিটাল জগত গড়ার আহ্বান। শিক্ষার্থীদের সৃজনশীল চিত্রকর্মে সামাজিক সচেতনতা ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের বার্তা স্পষ্টভাবে উঠে আসে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম এবং প্রোগ্রাম সমন্বয়ক আজিজুর রহমান ছবি। এছাড়াও সাকমিড-এর উর্ধতন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকরা পুরো আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, সাকমিড পরিচালিত “ডিজিটাল হুমকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যমকর্মী, ছাত্রী ও কমিউনিটি নারীদের সচেতনতা বৃদ্ধি” প্রকল্পের অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি তরুণ-তরুণীদের ডিজিটাল শিক্ষা, তথ্য যাচাই ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে সহায়তা করবে। তাদের মতে, শিক্ষার্থীদের মাঝেই গড়ে উঠতে পারে নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির মানসিকতা, আর এই ধরনের উদ্যোগ সেই পথচলাকে আরও শক্তিশালী করে।



