
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজে তিনদিনব্যাপী ‘রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ–২০২৫’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ সাকিব আনজুম ভবনের ১০১ নম্বর কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
টিচার ইনচার্জ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা রবিউল হাসান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। তিনি তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ রেড ক্রিসেন্টের কার্যক্রমের প্রশংসা করে বলেন, রাজশাহী কলেজের অসংখ্য সংগঠনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম সেবাধর্মী সংগঠন। বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারা মানবিক সেবা প্রদান করে থাকে, যা কলেজের শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও শক্তিশালী ও সফলভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ ফ্যাসিবাদী ধারার রাজনীতির কবর ৫ আগস্ট হয়ে গেছেঃ জাহিদুল ইসলাম
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান রেজাউল করিম এবং ইউএলও মির্জা শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন টিচার ইনচার্জ ইতিহাস বিভাগের সহকারী শিক্ষক আল আমিন হক, সিটি ইউনিট ও রাজশাহী কলেজ ইউনিটের যুব সদস্যরা।
উল্লেখ্য, আগামী ১৮–২০ নভেম্বর পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন শারীরবৃত্তীয় দুর্ঘটনায় করণীয় প্রাথমিক চিকিৎসা, সাইবার বুলিং ও অনলাইন নিরাপত্তা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণ তাদের জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা দিতে সক্ষম করে তোলাই এর মূল উদ্দেশ্য।



