
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ জাতীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে রাজশাহী কলেজ। এ অর্জনকে ঘিরে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি।
বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার আনন্দে র্যালিটি রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়। র্যালিটি জাদুঘর মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
এ সময় অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে তার ঐতিহ্য ও গৌরব ধরে রেখেছে। শিক্ষক, শিখন-পাঠদান পদ্ধতি, অবকাঠামো উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মানদণ্ড বিবেচনায় জাতীয় পর্যায়ে রাজশাহী কলেজ আবারও শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়।
আরও পড়ুনঃ দেশসেরা কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
তিনি আরও বলেন, এই অর্জন শুধুমাত্র একটি সম্মান নয়; এটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে রাজশাহী কলেজকে আরও মানসম্মত ও গতিশীল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
দীর্ঘদিনের এই ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে আবারও দেশসেরা কলেজের স্বীকৃতি পাওয়ায় রাজশাহী কলেজজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও উল্লাসের আবহ সৃষ্টি হয়।



