
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস শাখার নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখার উদ্যোগে এই কর্মশালার উদ্বোধন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণটি আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত চলবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট প্রফেসর ড. একেএম শামছুল হক সিদ্দিক। এছাড়া অনুষ্ঠানে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ এবং বহ্নিশিখার সমন্বয়কারী মায়মুনা সুলতানা মিমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, একজন নারীকে শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই বহ্নিশিখার মূল লক্ষ্য। ২০২০ সালের ১৫ জুন থেকে বহ্নিশিখা দেশজুড়ে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শুরু করা হয়েছে।
আরও পড়ুনঃ ইবিতে ই-পেমেন্ট সুবিধা দিতে ইসলামী ব্যাংকের ক্যাম্পাস ক্যাম্পেইন
বিশেষ অতিথির বক্তব্যে হলের প্রভোস্ট প্রফেসর ড. একেএম শামছুল হক সিদ্দিক বলেন, বর্তমান সময়ে নারীরা আর পিছিয়ে নেই। তারা শারীরিক, মানসিক ও আত্মরক্ষামূলক কার্যক্রমে ক্রমেই এগিয়ে যাচ্ছে। অনেক দেশে ১৬ বছর বয়স হলেই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য গ্রীন ভয়েসকে সাধুবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সমাজ ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নারীরা নানা রাষ্ট্রীয় ও সামাজিক কারণে মানসিক, শারীরিক ও সামাজিকভাবে পিছিয়ে রয়েছে। তবে গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখার এই উদ্যোগ নারীদের শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।



