
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশন কর্নার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দোতলার একটি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে লাইব্রেরি কর্তৃপক্ষ।
এসময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ জানান, কর্নারে আরবি সাহিত্য, তাফসির, কুরআন ও হাদিস এবং ইসলামী সাহিত্যের উপর মোট ১ হাজার ৭২৭টি বই স্থান পেয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশন কর্নারের সম্প্রসারণ কাজ চলমান থাকবে।
আরও পড়ুনঃ ইবিতে শহিদ ওসমান হাদির স্মরণে কুইজ প্রতিযোগিতা
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাংলাদেশে ইসলামী বই প্রকাশনার ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তারা আরবি সাহিত্য, তাফসির, কুরআন ও হাদিস নিয়ে অসংখ্য বই প্রকাশ করেছে। এই প্রকাশনার উদ্দেশ্য ছিল ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসার। এটাই যদি ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরিতে না থাকে তাহলে কিভাবে ছাত্ররা ইসলামী প্রকাশনা সম্পর্কে জানবে।
তিনি আরও বলেন, এজন্য আমি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক ফাউন্ডেশন কর্নার করার প্রস্তাব দিয়েছিলাম এবং তারা সেটা সাদরে গ্রহণ করেছে। ইসলামী সাহিত্যে অনেক আরবি বই আছে, কিন্তু বাংলা ভাষায় এই বইয়ের সংখ্যা অনেক কম। তাই এগুলো আরও সহজলভ্য করতে ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রকাশনাগুলোর প্রসার জরুরি। এজন্য আমরা ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



