
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত একটি সংবাদকে ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রবিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এক ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দায়িত্ব গ্রহণের দেড় বছরের মধ্যে বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন এমন দাবি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর।
প্রশাসন জানায়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে কোনো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। ফলে বিভিন্ন একাডেমিক বিভাগ ও দপ্তরে স্থায়ী কর্মচারীর সংকট দেখা দিয়েছে যা শিক্ষা সেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি করে আসছে।
আরও পড়ুনঃ দারুল ইহসান ট্রাস্ট সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন
এ কারণে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের প্রধানরা নিজেদের ব্যবস্থাপনায় নামমাত্র হাজিরা ভিত্তিতে কিছু লোকের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছেন। তাদেরকে তহবিল থেকে মজুরি প্রদান করা হয় এবং তাদের কোনো বোনাস দেওয়া হয় না। ফলে এটিকে কোনোভাবেই নিয়োগ হিসেবে গণ্য করার সুযোগ নেই।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ন্যূনতম সেবা সচল রাখতে বিভাগীয় প্রধানদের সুপারিশের ভিত্তিতে কিছু ব্যক্তিকে দিয়ে স্বল্প পারিশ্রমিকে অফিস খোলা থাকার দিনগুলোতে সেবা গ্রহণ করা হয়। এ বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর কাছে বাজেট চেয়ে পত্র পাঠানো হয়েছে।



