
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে(জিয়া হল) অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, খাবারের নিম্নমান, ওয়াইফাই সংযোগে সমস্যা ও বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যার বিষয়ে অভিযোগ উঠেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় এর প্রতিবাদে হল প্রভোস্টের রুমে তালা ঝুলিয়ে দিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তারা ওয়াইফাই সমস্যার স্থায়ী সমাধান, ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, হলের পরিচ্ছন্নতা বজায় রাখা, হল প্রভোস্টের দায়িত্বহীনতার জবাবদিহি এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি মানার আহ্বান জানান।
শিক্ষার্থীরা বলেন, প্রতিটি ব্লকের ওয়াশরুমের পরিবেশ অত্যন্ত নোংরা, ময়লা ও দুর্গন্ধযুক্ত হয়ে আছে। রুমগুলোর সামনে ময়লার স্তূপ পড়ে গিয়েছে। আগাছা পরিষ্কার না করায় মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। যার ফলস্বরূপ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। প্রভোস্টের কাছে বারবার দাবি তুলে ধরলেও কোনো সমাধান পাওয়া যায়নি। প্রভোস্ট সমস্যার সমাধানের আশ্বাস দিয়েই প্রায় বছরখানেক অতিবাহিত করেছেন।
তারা আরও বলেন, ক্লিনারের টাকা বকেয়া থাকায় কাজে অনীহা, অন্যদিকে প্রভোস্ট বলেন হলের ফান্ডে টাকা সংকট। ওয়াইফাই কানেকশন নামে মাত্র আছে, নেটের কোনো স্পিড নেই। ২ মাস ধরে বলেও একটা লাইটিংয়ের সমস্যা সমাধান করা যায়নি। ওয়াশরুমগুলোতে মগ নেই, পর্যাপ্ত পরিমাণ বালতি নেই। তৃতীয় তলায় পানির সংকট প্রকটভাবে দেখা দিয়েছে। ডাইনিংয়ের মান নিয়ে বলতে বলতে ক্লান্ত হয়েও সমাধান হচ্ছে না। আমরা বাধ্য হয়ে আজকে প্রভোস্টের রুমে তালা দিয়েছি।
আরও পড়ুনঃ ইসরায়েলের কারাগারে যৌন নির্যাতন ‘রাষ্ট্রীয় নীতি’: ভয়াবহ অভিযোগ
প্রক্টর শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে কিছু আছে তাৎক্ষণিক ও স্বল্প সময়েই সমাধান করা যাবে। আর বেশ কিছু দাবি আছে সময় নিয়ে কাজ করতে হবে। আমি হলের চারপাশ পর্যবেক্ষণ করে সাথে সাথেই ক্লিনারের মাধ্যমে পরিষ্কার করার ব্যবস্থা করেছি। স্থায়ীভাবে সমস্যা সমাধানের বিষয়টি হল প্রশাসন শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমাধান করবে।
হল প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী বলেন, হলের পরিচ্ছন্নকর্মী অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারেনি। এছাড়া হল থেকে বেতন না নিয়ে প্রশাসন থেকে বেতনের দাবি তার। প্রশাসনের আশ্বাস সামনে এ সমস্যাগুলো সমাধান করা হবে।
উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আগামী মঙ্গলবার সকল দাবি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করব। এই আশ্বাসে শিক্ষার্থীরা হল প্রভোস্টের তালা খুলে দিয়েছে।



