
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ তিন নারী শিক্ষার্থীর সঙ্গে একসাথে প্রেমের প্রতারণায় অভিযুক্ত জবি শিক্ষার্থী নাজমুস সাকিবকে শিবিরের সদস্য হিসেবে অভিযুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জবি শিবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টিতে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জবি শিবির সভাপতি আব্দুল আলিম আরিফ দাবি করেন, অভিযুক্ত শিক্ষার্থী নাজমুস সাকিবের সাথে জবি শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।
জবির প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিবের বিরুদ্ধে একই সাথে তিন নারী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করা হয় জবির প্রক্টর অফিসে। নাজমুস সাকিব জকসু নির্বাচনের সময় শিবিরের প্যানেলের জন্য কাজ করেছেন এবং শিবিরের হয়ে ভোট চেয়েছিলেন বলেও অভিযোগ করে তিন নারী শিক্ষার্থী।
জবি ছাত্রশিবিরের কর্মী নাজমুস সাকিবের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে জবি শিবিরের বিরুদ্ধে জবি ছাত্রদল মানববন্ধন করে।
তবে সংবাদ সম্মেলনে জবি শিবির সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, নাজমুস সাকিব জবি শিবিরের কোনো পর্যায়েরই কর্মী নয়।
আরও পড়ুনঃ ইবিতে ব্যানার ছেঁড়ার ঘটনায় দুঃখ প্রকাশ সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের
তিনি আরও বলেন, নাজমুস সাকিব জকসু নির্বাচনের সময় ছাত্রদলের এজিএস পদপ্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল ও কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ শুভর জন্যও ভোট চেয়েছিলেন এবং জবি শিবিরের কাছে এসব বিষয়ের প্রমাণও রয়েছে। অতএব নাজমুস সাকিবের অপরাধ শিবিরের উপর চাপিয়ে দেওয়ার কোনো উপায় নেই।
তিনি জবি শিবিরের সভাপতি এবং জকসুর জিএস হিসাবে প্রশাসনের প্রতি শিক্ষার্থী নাজমুস সাকিবের অপরাধের সুষ্ঠু বিচারের দাবি জানান।



