

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ “ফ্রন্টিয়ার্স ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি: রিসার্চ, ইনোভেশন, ইমপ্যাক্ট” শীর্ষক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বোরহান উদ্দিন, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুল বারী সজীব এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন। তারা বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
আরও পড়ুনঃ ইবিতে তিনদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু কাল
বিকেলে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এই সেমিনারের মাধ্যমে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ে জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
উল্লেখ্য, বিভাগের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।