
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ আগামীকাল সোমবার (৪ মে) থেকে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতা। তিনদিনব্যাপী এ আয়োজন চলবে ৬ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক-এর। গেস্ট অব অনার হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসক সোহরাব উদ্দিন ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল মজিদ উপস্থিত থাকবেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম অংশ নেবেন।
প্রতিযোগিতায় আয়োজক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সহ মোট ২১টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।
আরও পড়ুনঃ জকসুর উদ্যোগে ‘ফ্রম জেএনইউ টু দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনার সম্পন্ন
জানা গেছে, অ্যাথলেটিক্সে ছেলেদের জন্য ১৯টি এবং মেয়েদের জন্য ১১টি ইভেন্ট থাকছে। সোমবার সকাল ৭টা থেকে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং সকাল ৯টা থেকে বাস্কেটবল খেলা শুরু হবে।
ইবির শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং প্রতিযোগিতার সদস্য সচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।



