― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসচীন সফরের প্রতিনিধি দলে জবি ছাত্রদলের কেউ না থাকায় ক্ষোভ

চীন সফরের প্রতিনিধি দলে জবি ছাত্রদলের কেউ না থাকায় ক্ষোভ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের অংশগ্রহণে আয়োজিত শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ থেকে ১৪ জুন চীন সফরে যাচ্ছে বিএনপির একটি তরুণ প্রতিনিধি দল। তবে ঘোষিত প্রতিনিধি তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের কোনো নেতার নাম না থাকায় সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

গত মঙ্গলবার (১৯ মে) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০ সদস্যের প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পরপরই বিষয়টি জবি ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

জবি ছাত্রদলের নেতাকর্মীরা মনে করছেন, সদ্য অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের উল্লেখযোগ্য সাফল্য থাকা সত্ত্বেও প্রতিনিধি দলে কাউকে অন্তর্ভুক্ত না করা বৈষম্যমূলক সিদ্ধান্ত। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টির রাজনৈতিক অর্জনের যথাযথ মূল্যায়ন হয়নি।

জকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে পরিবহন সম্পাদক পদে মো. মাহিদ হোসেন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য পদে সাদমান সাম্য নির্বাচিত হন। সংশ্লিষ্টদের মতে, প্রতিকূল রাজনৈতিক বাস্তবতায় এই সাফল্য দেশের ছাত্ররাজনীতিতে জবি ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৯টি চোরাই মোবাইল জব্দ

তবে আন্তর্জাতিক এই সফরের প্রতিনিধি দলে জকসুর কোনো নির্বাচিত প্রতিনিধির নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ‘ঢাকাকেন্দ্রিক প্রাধান্য’ হিসেবে দেখছেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল গণমাধ্যমকে বলেন, “এই তালিকায় জকসুর নির্বাচিত কোনো প্রতিনিধি না থাকলেও, পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে জকসুর নির্বাচিত প্রতিনিধিরাও সুযোগ পাবেন বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।”

এছাড়া জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, জাফর আহমেদ এবং মোস্তাফিজুর রহমান রুমি বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যের যথাযথ মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে সংগঠনের মনোবলে প্রভাব ফেলতে পারে।