

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সাধারণ শিক্ষার্থীরা তা বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূল অধ্যাদেশ অনুযায়ী নতুন ও স্বাধীন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আল্টিমেটাম ও দাবিগুলো ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী সাবের হোসেন।
লিখিত বক্তব্যে সাবের হোসেন বলেন, রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের মূল ‘অধ্যাদেশ-২০২৬’-এর সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন তারা।
তিনি বলেন, ভর্তি বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ‘সংযুক্ত কলেজ’ শব্দটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন এবং অধ্যাদেশের মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের শব্দ ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাই বিতর্কিত ও বৈষম্যমূলক এই ভর্তি বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু আজ
শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।
তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে দাবিগুলো মেনে নিয়ে নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব ক্যাম্পাসে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রাজধানীর সরকারি সাত কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজকে সমন্বয় করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে।