― Advertisement ―

spot_img

আবাসিকতার বিজ্ঞপ্তি না দেওয়ায় ইবির আজিজ হলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে দীর্ঘদিন ধরে আবাসিকতার বিজ্ঞপ্তি প্রকাশ না করার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন ২০২৩-২৪...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআবাসিকতার বিজ্ঞপ্তি না দেওয়ায় ইবির আজিজ হলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আবাসিকতার বিজ্ঞপ্তি না দেওয়ায় ইবির আজিজ হলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে দীর্ঘদিন ধরে আবাসিকতার বিজ্ঞপ্তি প্রকাশ না করার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনাবাসিক শিক্ষার্থীরা।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে হলটির প্রভোস্ট কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা দীর্ঘদিন আবাসিকতার বিজ্ঞপ্তি না দেওয়া, অপ্রকাশিত ওয়েটিং লিস্ট থেকে সিট বরাদ্দ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানান। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘পড়াশোনা করবো নাকি আবাসনের জন্য আন্দোলন করবো’, ‘মেধার ভিত্তিতে সিট চাই’, ‘কেন দুই বছরে এলোটমেন্ট হয়েছে মাত্র একবার জবাব চাই’, ‘সিট পরে দিন আগে আবেদন করার সুযোগ দিন’ এবং ‘We want justice’।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি হলো মেধার ভিত্তিতে আবাসিকতার সুযোগ নিশ্চিত করা। তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ ডিসেম্বর একটি আবাসিকতা বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে শুধু হলে অবস্থানরত এবং অনাবাসিক শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। ফলে অনেক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাননি।

শিক্ষার্থীরা আরও বলেন, “দুই বছর পর এসে পুরোনো একটি অপ্রকাশিত ওয়েটিং লিস্ট থেকে সিট দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এই ওয়েটিং লিস্ট সম্পর্কে আমরা কেউ জানি না। আমরা এমন কোনো তালিকা গ্রহণ করি না, যা প্রকাশিত হয়নি। আমরা চাই নতুন করে আবাসিকতার বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করা হোক।”

আরও পড়ুনঃ বিতর্কের জেরে স্থগিত ইবির জিয়া পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

এ বিষয়ে শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান বলেন, “আমি কোনো অদৃশ্য তালিকা থেকে সিট দিচ্ছি না। সম্পূর্ণ মেধার ভিত্তিতেই তালিকা করা হয়েছে। কেউ চাইলে আমার কাছ থেকে তালিকা দেখে যেতে পারে।”

তিনি আরও বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি কেউ প্রমাণ করতে পারে যে মেধার ভিত্তিতে সিট দেওয়া হয়নি কিংবা কোনো ধরনের অনিয়ম হয়েছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে দায়িত্ব ছেড়ে দেব।”

প্রভোস্ট জানান, ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের আবাসিকতা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই নতুন আবাসিকতা প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।