― Advertisement ―

spot_img

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের কর্মসূচি

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।মঙ্গলবার (২৩...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের কর্মসূচি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের কর্মসূচি

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

জানা গেছে, কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার গভীর রাত থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য হুমকি হিসেবে কাজ করেছে। জনগণের আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা ছাত্রসমাজ মেনে নেবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নামে বা ব্যানারে কেউ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল তার প্রতিরোধ করবে। একইসঙ্গে এসব অপতৎপরতার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

আরও পড়ুনঃ পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল, ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাসী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”

কর্মসূচিতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, শাহরিয়ার হোসেন, নাহিয়ান বিন অনিক, রবিউল আওয়ালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।