

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহিদ সাজিদ ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে এক শিক্ষার্থীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদের ১৬০ সিসির এপাচি আরটিআর মডেলের মোটরসাইকেলটি গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চুরি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি আগের দিন রাতে মোটরসাইকেলটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে রেখে যান। পরদিন সন্ধ্যায় গিয়ে মোটরসাইকেলটি না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, দুপুরের দিকে মোটরসাইকেলটি চুরি করা হয়েছে। তবে চোরের ছবি ধারণ হলেও তাকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পর তিনি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুনঃ ইবিতে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি অনুষ্ঠিত
এ বিষয়ে তানভীর আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কালো টুপি ও মাস্ক পরা একজন ব্যক্তি দুইবার টহল দিয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে বাইকটি নিয়ে চলে যায়। অথচ গেটের নিরাপত্তাকর্মীরা তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করেননি। আমার মনে হয় ক্যাম্পাসের প্রবেশপথে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের আবাসনের ব্যবস্থা করতে পারে না। এখন যদি ক্যাম্পাসের ভেতর থেকে সাইকেল বা মোটরসাইকেলও চুরি হয়ে যায়, তাহলে শিক্ষার্থীরা কোথায় যাবে? মেসে তো এসব রাখা সম্ভব নয়। এ ঘটনায় আমরা কার কাছে বিচার চাইব, সেটাই বুঝতে পারছি না।”
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরির ঘটনার দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।