
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ রাজধানীতে টানা ভারী বর্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনার সংলগ্ন এলাকায় একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর ভেঙে পড়েছে। এতে কোনো শিক্ষার্থী বা চালক হতাহত না হলেও বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য এড়ানো গেছে বড় ধরনের দুর্ঘটনা।
রোববার (১২ জুলাই) সকালে আকস্মিক এ ঘটনা ঘটে। টানা বর্ষণে গাছটির শিকড় দুর্বল হয়ে পড়ায় সেটি হঠাৎ পাশে পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শনিবার রাত থেকে রাজধানীতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে শহীদ মিনার প্রাঙ্গণের সামনের পুরোনো গাছটির গোড়ার মাটি নরম হয়ে যায়। একপর্যায়ে বিকট শব্দে গাছটি উপড়ে পাশেই পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ে।
আরও পড়ুনঃ GPA ও CGPA Calculator – সহজেই আপনার GPA এবং CGPA হিসাব করুন
ঘটনার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী বা চালক না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে গাছের আঘাতে বাসটির সামনের ও উপরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এ ঘটনায় মুহূর্তের জন্য ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকা ঝুঁকিপূর্ণ ও পুরোনো গাছগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।



