

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেছে শাখা ছাত্রদল।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বৃহস্পতিবার দিনব্যাপী চলবে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁদের ‘লীগ ধর, জেলে ভর’, ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ এবং ‘নিরাপদ ক্যাম্পাস, আমরাই গড়ব’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুনঃ ‘নৈরাজ্যকে না’ স্লোগানে ২৩ নভেম্বর জবির তিন কর্মসূচি
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা যেন সৃষ্টি না হয়, সে জন্য আমরা সতর্ক অবস্থান নিয়েছি। এ কর্মসূচি আজ সারা রাত চলবে এবং আগামীকালও অব্যাহত থাকবে।”