

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটকের সময় তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন শাকিল। এ সময় খবর পেয়ে ছাত্রদলের নেতারা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। এ সময় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা ছাত্রদল নেতাদের বাধা দেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর মোবাইল ফোন জব্দ করা হয়।
শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের আরও অভিযোগ, শাকিল এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড তাঁর মাধ্যমেই পরিচালিত হয়। ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, “ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসছে। পরে আমরা একটু দেখার চেষ্টা করলাম সে কে। পরে এটা জানতে পারলাম যে ওই যে ফিলোসফি (দর্শন) ডিপার্টমেন্টের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক দেখার পরে আমরা তো তার নিরাপত্তা বিধান নিশ্চিত করা দরকার, এজন্য আমরা পুলিশকে ফোন দিয়েছি এবং পুলিশের হেফাজতে আমরা সোপর্দ করেছি।”