
মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জয় (৩৭) ও ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায় (২৩)।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার থানা রোড এলাকার স্মার্ট কোচিং সেন্টারের সামনে থেকে জাহাঙ্গীর আলম জয়কে এবং চন্দ্রখানা সেনপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে বিশ্বজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর আলম জয় উপজেলার মধ্য কাশিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। অন্যদিকে বিশ্বজিৎ রায় ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা সেনপাড়া গ্রামের বিমল চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম জয় ফুলবাড়ী উপজেলা যুবলীগের সক্রিয় নেতা এবং বিশ্বজিৎ রায় ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আরও পড়ুনঃ হেনস্তার অভিযোগ, পদ ছাড়ছেন জবি বাংলা বিভাগের চেয়ারম্যান
গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।



