
আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে, যেখানে ইসরাইল আবারও ইরান-এর বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুদ্ধ পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র-এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তেলআবিব।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিব ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়ে জানিয়েছে—তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে আগ্রহী। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, কূটনৈতিক সমাধানের পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রাখতে চাইছে ইসরাইল।
এদিকে গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত এফ/এ-১৮ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, জ্বালানি সরবরাহকারী বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এতে করে অঞ্চলে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুনঃ দেশজুড়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘাত ছড়াচ্ছে, শিক্ষাঙ্গনে উদ্বেগ বাড়ছে
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে। একই সঙ্গে ইরান ইস্যুতে সম্ভাব্য কোনো চুক্তি বা সমঝোতার বিষয়টিও আন্তর্জাতিক মহলে আলোচনায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়, তবে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।



