spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদজাতীয়আপা আর আসবেন না: তাসনিম খলিল

আপা আর আসবেন না: তাসনিম খলিল

নিউজ ডেস্ক: নেত্র নিউজের সম্পাদক (এডিটর-ইন-চিফ) তাসনিম খলিল মন্তব্য করেছেন, “আপা (শেখ হাসিনা) আর আসবেন না। পতিত স্বৈরশাসক দুনিয়ার কোথাও ফেরত আসে না।” সম্প্রতি দ্য পোস্ট-এর ‘সেই প্রশ্ন রেখে গেলাম’ শীর্ষক আলোচনায় তিনি এই বক্তব্য দেন।

আলোচনায় তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে পতিত কোনো স্বৈরশাসক ইতিহাসে আর কখনো ফেরত আসেনি। যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন, তাহলে পলিটিক্যাল সাইন্সের অনেক বই ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। বাংলাদেশকে আমরা যতটা ব্যতিক্রমী ভাবি, আদতে আমরা একেবারেই টিপিক্যাল একটি উপনিবেশ-উত্তর রাষ্ট্র। আমাদের দেশে যা কিছু হয়, তা এর আগেও বিশ্বের কোথাও না কোথাও হয়ে গেছে।”

আওয়ামী লীগের পতন প্রসঙ্গে তাসনিম বলেন, “আওয়ামী লীগ আসলে মরে গেছে ২০১৮ সালেই। শেখ হাসিনার আমলেই দলটির মৃত্যু হয়েছে। এটি গণ-অভ্যুত্থানে শেষ হয়নি। এরপর থেকে রাষ্ট্র ও দল একাকার হয়ে গিয়েছিল—কে আওয়ামী লীগ, কে পুলিশ, কে ডিজিএফআই তা আলাদা করার উপায় ছিল না। এমনকি দলের নিচু পর্যায়ের নেতৃত্ব বাছাইয়েও হস্তক্ষেপ করত গোয়েন্দা সংস্থা।”

তিনি দাবি করেন, “বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী জীবনের শেষদিন পর্যন্ত আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার জন্য কাজ করবে।”

আরও পড়ুনঃ কলাপাড়ায় লেকে ভেসে থাকা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিএনপির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তাসনিম বলেন, “বিএনপি ন্যূনতম আরও তিন মেয়াদ ক্ষমতায় থাকবে—এটা আমার ইনফর্মড ধারণা। যদিও এটা আমাদের জন্য ভালো কিছু না। বিএনপির নেতৃত্বও জানে, শক্তিশালী একটি বিরোধী দল থাকা দরকার। কিন্তু আওয়ামী লীগের পক্ষে এখন মুসলিম লীগের অবস্থানে গিয়েও টিকে থাকা সম্ভব না।”

এসময় তিনি এনসিপি নিয়েও হতাশা প্রকাশ করে বলেন, “আমরা সবাই ভেবেছিলাম এনসিপি একটি শক্তিশালী বিরোধী দল হবে। কিন্তু তারা সেই পথে না গিয়ে এখন একটি ‘সার্কাস পার্টি’-তে পরিণত হয়েছে।”

তাসনিম খলিলের এসব বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে। অনেকে তার বিশ্লেষণকে সমর্থন করলেও, অনেকের মধ্যে ক্ষোভও লক্ষ্য করা গেছে।