
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলের উদ্দেশে ধীরে এগোচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিমানবন্দর থেকে রওয়ানা হন তিনি। এ সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের পোষা বিড়াল ‘জেবু’।
তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দরসংলগ্ন সড়কগুলোতে বসানো হয় বিশেষ চেকপোস্ট এবং বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
আরও পড়ুনঃ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদনের সময় বাড়লো
তারেক রহমানের আগমনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ‘প্রাণপ্রিয় নেতাকে’ এক নজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, সারা দেশ থেকেই লাখো মানুষ রাজধানীমুখী হচ্ছেন। অভ্যর্থনা কমিটির প্রত্যাশা, গণসংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে, যেখানে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকবে।



