spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটদুর্দান্ত ফর্মে থেকেও এশিয়া কাপের দলে জায়গা হলো না রবিনের

দুর্দান্ত ফর্মে থেকেও এশিয়া কাপের দলে জায়গা হলো না রবিনের

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দল নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বাদ পড়া মাহফিজুল হক রবিন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ব্যাটিং ফর্মে থাকা সত্ত্বেও তার জায়গা হয়নি মূল দলে—যা অনেক ক্রিকেটপ্রেমীর কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে।

রবিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। সর্বশেষ এনসিএল টি–টোয়েন্টিতে ১৯৪ রান করেন ১৩৯ স্ট্রাইকরেটে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের হয়েছিলেন সেঞ্চুরির মালিক। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডেও রয়েছে সেঞ্চুরি—সব মিলিয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম ফর্মে থাকা ব্যাটার ছিলেন তিনি।

অথচ তাকে বাদ দিয়ে জায়গা দেওয়া হয়েছে অনূর্ধ্ব–১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার এবং লেগস্পিনার স্বাধীন ইসলামকে। বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা নিয়েই ‘এ’ দলে সুযোগ পাওয়া দুই তরুণের অন্তর্ভুক্তি অনেকের কাছেই চমক।

রবিনকে না নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “চারজন দৌড়ালে সবাই যে প্রথম হবে—এমন তো নয়। রবিন খুব ক্লোজ ছিল, সে স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। স্ট্যান্ডবাই থাকা মানে দলের খুব কাছেই থাকা।”

তিনি আরও বলেন, “যারা পারফর্ম করছে তাদের সবার দিকে নজর আছে। কেউ হারিয়ে যাবে না। একটি পজিশনের জন্য অনেককে নেওয়া সম্ভব নয়। টি–টোয়েন্টি ফরম্যাট বিবেচনায় যাদের নিয়েছি তারা স্ট্রাইকরেটসহ অন্যান্য দিক থেকে ভালো চয়েস মনে হয়েছে।”

রবিনের ভবিষ্যৎ সুযোগ প্রসঙ্গে নির্বাচক লিপু বলেন, “সাদা বলে আরও ভালো খেললে সুযোগ অবশ্যই আসবে। ফরম্যাট অনুযায়ী খেলতে হবে। লাল বলের পারফরম্যান্স দিয়ে সাদা বলে নেওয়া যায় না, আবার সাদা বলের পারফরম্যান্স দিয়েও লাল বলে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ শিবিরকে যত কোনঠাসা করার চেষ্টা করেছে, শিবির তত নতুনত্ব নিয়ে এসেছেঃ সিবগাতুল্লাহ সিবগা

অন্যদিকে জাওয়াদ আবরারকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে লিপু বলেন, “তার ব্যাটিংকে একটু বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই। সামনে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ আছে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাসহ বেশ কিছু সিরিজে সে রান করেছে। এখন দেখা যাক উচ্চমানের প্রতিপক্ষের বিরুদ্ধে সে কেমন করে।”

সব মিলিয়ে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণায় যেমন তরুণদের জন্য সুযোগের দুয়ার খুলেছে, তেমনি ফর্মে থাকা রবিনের বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে বিস্তর আলোচনা। নির্বাচকদের যুক্তি স্পষ্ট—ফরম্যাট অনুযায়ী সেরা কম্বিনেশনই তাদের অগ্রাধিকার। তবে ক্রিকেটপ্রেমীদের চোখে রবিনের জন্য সুযোগের দরজা এখনো খোলা রয়েছে বড় পরিসরে।