
মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামিকে আটক করা হয়। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত বদরুল আলমকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
আরও পড়ুনঃ সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি নিরসনে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি
এদিকে বদরুল আলমের গ্রেফতারের পর থেকে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু করেছে। অভিযোগ উঠেছে, এসব ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এখন তারা বদরুল আলমের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সম্পৃক্ত করার অপপ্রচারে লিপ্ত। সাভারের বিএনপিকে জনসাধারণের কাছে প্রশ্নবিদ্ধ করতেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মানহানি করা হচ্ছে এমন বিএনপি নেতা-কর্মীদের একজন বলেন, “আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”



