
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের সংগঠন ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের (ইসিসি) আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সিরাজুম মুনিরা মাইশা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান নাদিয়া।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ক্লাবের মডারেটর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক সেলিম ও কো-মডারেটর মাসুম বিল্লাহ পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ হাসান প্রতীক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সারা ইসলাম প্রিয়া।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খ. মোরশেদুর রহমান লোচন, সাদমান শামস আবির, আল-শাহরিয়ার হাসান ও আবু সায়েম। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো. রিয়াদ হোসেন এবং উপ-প্রচার সম্পাদক তাহসিন ইবনে বাহার। দপ্তর সম্পাদক হয়েছেন নীতি রানী রায় এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সাকিবুর রায়হান। কমিটিতে তিনজন ব্যাচ সমন্বয়কারী ও ১২ জন নির্বাহী সদস্যও রাখা হয়েছে।
আরও পড়ুনঃ জবির পরিবহন বাসে সিট দখল, র্যাগিং ও ধূমপান নিষিদ্ধ
নবনিযুক্ত সভাপতি সিরাজুম মুনিরা মাইশা বলেন, ‘ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দ ও সম্মানের। একই সঙ্গে এটি একটি বড় দায়িত্ব। শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও বাস্তবমুখী প্রস্তুতি গড়ে তুলতে ক্লাবকে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আগামী এক বছরে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।’
সাধারণ সম্পাদক নুসরাত জাহান নাদিয়া বলেন, ‘এই দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে কাজ করার সুযোগ হিসেবে দেখছি। এবারের কমিটি গঠনে সিনিয়রিটির পরিবর্তে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও সম্ভাবনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, নেতৃত্ব ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি সবার অংশগ্রহণ ও নতুন ধারণাকে গুরুত্ব দিয়ে ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবকে আরও সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।’
নতুন নেতৃত্বের মাধ্যমে ইকোনমিকস ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



