
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
দেশের বিভিন্ন এলাকায় হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে সরকার এ বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু হয়। চাঁপাইনবাবগঞ্জেও এর অংশ হিসেবে শিশুদের টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জে সকল শিশুকে টিকার আওতায় আনা গেলে হাম ও রুবেলা প্রতিরোধ করা সম্ভব হবে। এতে জেলার শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, টিকার কোনো ঘাটতি হবে না এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
আরও পড়ুনঃ বাংলাদেশ ফেয়ার মাইন্ডের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এই বিশেষ কার্যক্রম টানা ১৫ দিন চলবে।
উল্লেখ্য, সারা দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং এতে আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।



