
হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলা-এর পৌরসভার ভাঙ্গা ব্রিজ এলাকার নতুন মসজিদের সামনে লরি, ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন দুর্গাপুর সদর ইউনিয়নের চারিয়া মাসকান্দা এলাকার মহরম আলীর ছেলে লালচান (৫৫) এবং রফিকুল ইসলামের ছেলে সাদেক (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি লরি বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ও একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরও পড়ুনঃ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল জব্দ
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসাবধানতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।



