
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) প্ল্যাটফর্মকে ব্যবহার করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বিরুদ্ধে দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলেছেন জকসুর তিন সম্পাদক ও এক কার্যনির্বাহী সদস্য।
শুক্রবার(২৪ এপ্রিল) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত জকসু নির্বাচনের পর থেকেই একটি ছাত্রসংগঠনের নেতারা জকসুর প্ল্যাটফর্মকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে ছাত্র সংসদের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তারা বলেন, জকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন নয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্যানেল নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিল, নির্বাচনের পর তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ডেই তাদের বেশি সক্রিয় দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ শাহবাগে ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, জকসু গঠনের পর থেকে একটি সংগঠনের নিজস্ব ব্যানার ব্যবহার কমে গিয়ে জকসুর ব্যানারেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, যা অন্যান্য প্রতিনিধিদের অজান্তেই হচ্ছে।
পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন বলেন, বিভিন্ন জাতীয় ইস্যু ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিষয়েও জকসুর ব্যানার ব্যবহার করে দলীয় অবস্থান তুলে ধরা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাদের দাবি, জকসুর স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।



