― Advertisement ―

spot_img

দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে থাকবে ছাত্রদল: কাজী জিয়াউদ্দিন বাসিত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা, ধর্মীয় চর্চা ও মানবিক বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসদৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে থাকবে ছাত্রদল: কাজী জিয়াউদ্দিন বাসিত

দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে থাকবে ছাত্রদল: কাজী জিয়াউদ্দিন বাসিত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা, ধর্মীয় চর্চা ও মানবিক বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও মানুষকে একত্র করে পবিত্র কুরআন শিক্ষা দেওয়া এবং তাঁদের হাফেজ হিসেবে গড়ে তোলার মতো মহৎ উদ্যোগের পাশে সবসময় থাকবে ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে রাজধানীর ডেমরা এলাকার মদিনাতুল উলূম দৃষ্টিপ্রতিবন্ধী এতিমখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল পদ্ধতিতে লেখা পবিত্র কুরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ করা হয়। পাশাপাশি তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এমন একটি মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারা আনন্দের বিষয়। প্রতিষ্ঠানের অনেকেই দৃষ্টিশক্তিহীন হলেও তাঁদের প্রতিভা, অধ্যবসায় এবং ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ প্রশংসনীয়। তাঁদের উৎসাহ ও সাহস জোগাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতির মাধ্যমে অর্জিত দেশপ্রেম, দায়িত্ববোধ, মানবিকতা ও নেতৃত্বের শিক্ষা কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চায় ছাত্রদল। দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরে ছাত্রদলের এই নেতা বলেন, এর আগে প্রতিষ্ঠানটির একজন হাফেজকে ব্রেইল পদ্ধতিতে লেখা কুরআন শরিফ উপহার দেওয়া হয়েছিল। পরে তিনি দেশের বাইরে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করেন। অনুষ্ঠানে একজন হাফেজের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত এবং আরেকজনের সুন্দরভাবে আয়াত লিখে দেওয়ার দক্ষতা তাঁকে মুগ্ধ করেছে। প্রতিষ্ঠানটির কয়েকজন হাফেজ আন্তর্জাতিক পর্যায়েও অংশ নিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ পশু জবাইয়ে বাধা নয়, ভুল-বোঝাবুঝিতে দুঃখ প্রকাশ জবি প্রশাসনের

কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাঁরা যেন নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে পারেন, সে পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্নেহ-মমতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার আলোকে মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চায় ছাত্রদল। একই সঙ্গে আলেম-ওলামা ও ধর্মীয় মূল্যবোধ ধারণকারী মানুষের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিষ্ঠানটির সঙ্গে ছাত্রদলের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, তাঁরা সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকতে চান। এ জন্য মহান আল্লাহর কাছে তৌফিক ও সামর্থ্য কামনা করেন তিনি।

এ সময় মদিনাতুল উলূম মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান কাজী জিয়াউদ্দিন বাসিত। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান আজাদ ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা ও সেবায় প্রতিষ্ঠানটির কার্যক্রম দীর্ঘদিন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।