
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলা এবং সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন সপ্তাহে একদিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রশাসন জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসরণ করে এ সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার অনলাইনে সকল একাডেমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এ সময়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করতে হবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একাডেমিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটানোর বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ জকসুকে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ জকসুর চার নেতার
উপাচার্য আরও বলেন, প্রতিটি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম সচল রাখবেন।
সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীন বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে জ্বালানি ব্যবহারের তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে জ্বালানি ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব হবে।
এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকবৃন্দ, বহিঃসদস্য, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



