
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে ২০১৯-২০ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় হলের টিভি কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৬১ জন আবাসিক শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০২০-২১ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ইয়াসিন আলী।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বিদায় সবসময়ই এক ধরনের আবেগঘন মুহূর্ত, যা মনে দীর্ঘশ্বাসের জন্ম দেয়। হল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, করিডোর, লাইব্রেরি, ডাইনিংয়ের খাবার, টিভি রুমের আড্ডা, হলমেট ও জুনিয়রদের অনেক মিস করবেন। তারা জীবনের পরবর্তী ধাপে সফলতা অর্জনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষাজীবনে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায় ক্লাসরুম ও আবাসিক হলে। হল জীবনে পারস্পরিক সৌহার্দ্য ও ঘনিষ্ঠতা তৈরি হয়।
আরও পড়ুনঃ বি.এল. কলেজে ‘পাই ক্যারিয়ার ক্লাব’-এর নতুন কমিটি গঠন
তিনি পুরাতন এই হলকে কেন্দ্র করে একটি অ্যালামনাই গঠনের পরামর্শ দেন এবং বলেন, শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সার্টিফিকেট অর্জন জীবনের একটি ধাপ মাত্র, এর মাধ্যমে সমাজ ও পৃথিবীকে সুন্দর করার দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে তিনি মা-বাবার প্রতি দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, এই হলে এ ধরনের আয়োজন এই প্রথম অনুষ্ঠিত হলো। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সফল করেছে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা সবাই তার স্নেহের এবং ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



