― Advertisement ―

spot_img

ক্যারাম খেলাকে কেন্দ্র করে জবিতে থাপ্পড়ের ঘটনা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অষ্টম ইনডোর গেমস টুর্নামেন্টে ক্যারাম খেলাকে কেন্দ্র করে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসক্যারাম খেলাকে কেন্দ্র করে জবিতে থাপ্পড়ের ঘটনা

ক্যারাম খেলাকে কেন্দ্র করে জবিতে থাপ্পড়ের ঘটনা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অষ্টম ইনডোর গেমস টুর্নামেন্টে ক্যারাম খেলাকে কেন্দ্র করে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ও শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীর মধ্যে উত্তেজনাকর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নিয়ম ভঙ্গ ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সবার সামনে ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে নেলীর বিরুদ্ধে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইনাল ম্যাচ চলাকালে খেলার নিয়ম ভাঙার অভিযোগ ওঠে। এ নিয়ে অংশগ্রহণকারী নেলী ও ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে নেলী তাকে থাপ্পড় দেন।

ঘটনা সম্পর্কে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম বলেন, ক্যারামের ডুয়েল গেমসের নিয়ম অনুযায়ী একই বিভাগের দুজন খেলোয়াড় একটি দলে থাকার কথা। কিন্তু প্রতিপক্ষ দলে থাকা খেলোয়াড়রা ভিন্ন বিভাগের হওয়া সত্ত্বেও ফাইনাল পর্যন্ত অংশ নেয়। বিষয়টি নিয়ে ক্রীড়া কমিটির সঙ্গে আলোচনা করা হলে অনিয়মকারী দলকে বাদ দিয়ে সাদিয়া সুলতানার দলকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে পুরস্কার বিতরণ শেষে কথা বলার সময় তিনি অপ্রত্যাশিতভাবে তার ওপর হামলার শিকার হন বলে দাবি করেন।

আরও পড়ুনঃ লালন শাহ হলে ২০১৯-২০ ব্যাচের আবাসিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এদিকে, ঘটনার পর সাদিয়া সুলতানা নেলী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ক্রীড়া সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন এবং এ ধরনের আচরণ করলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দেন। থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, প্রতিপক্ষ দল নিয়ম না মানলেও ক্রীড়া সম্পাদক তাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, যা তাকে ক্ষুব্ধ করে তোলে।

ঘটনার বিষয়ে ক্রীড়া কমিটির সদস্য সচিব গৌতম কুমার দাস জানান, পুরস্কার বিতরণ শেষে অডিটোরিয়াম এলাকা থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে এবং একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।