
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১১ মে) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, রোকনুজ্জামান অর্ক, উল্লাস মাহমুদ, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাইফুল্লাহসহ অন্য নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ছাত্রদল নেতারা উল্লেখ করেন, প্রশাসনের সাম্প্রতিক কিছু একতরফা ও তড়িঘড়ি সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও বৈষম্যের অনুভূতি তৈরি করছে। বিশ্ববিদ্যালয়কে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ হিসেবে গড়ে তুলতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে।
আরও পড়ুনঃ গরুর হাটে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা, সংঘাতের শঙ্কা
তাদের দাবির মধ্যে রয়েছে, সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ কোর্স বাধ্যতামূলক না করে নন-ক্রেডিট হিসেবে বহাল রাখা, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ কোটা বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং এনালগ পদ্ধতিতে ভর্তি জটিলতা, মূল ও সাময়িক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট ও নম্বরপত্র উত্তোলনে দীর্ঘসূত্রতা দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা সকল কোর্স ক্রেডিট কোর্স করবো। এই কোর্স এমন না যে অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নামাজ-রোজা শেখানো হবে। ইসলামিক স্টাডিজ কোর্স এমনভাবে ডিজাইন করা হবে যাতে সবাই পড়তে পারে এবং তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে পারে।”



