
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পাননি সাবেক সাংগঠনিক সম্পাদক ও লালবাগের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং দলের প্রতি ত্যাগ থাকা সত্ত্বেও তাঁকে নতুন কমিটিতে না রাখায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
গত ৮ নভেম্বর ২০২৬ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হয়। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।
রফিকুল ইসলাম রাসেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা একজন রাজনৈতিক নেতা। ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে টানা চার বছর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে এলাকার জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে ছয়বার কারাবরণ করেছেন এবং পাঁচ বছর নয় মাস সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পরবর্তী সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি
তবে নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাঁর নাম না থাকায় দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন তাঁকে কমিটিতে রাখা হয়নি, তা নিয়ে আলোচনা চলছে। নেতাকর্মীদের একাংশের মতে, দলের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
এ বিষয়ে রফিকুল ইসলাম রাসেল গণমাধ্যমকে বলেন, “দলের সব সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল। দেশ ও দলের প্রয়োজনে দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত। দল ও দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে কখনো পিছপা হব না। দীর্ঘদিনের রাজপথের অনেক সাথি হয়তো আমার কমিটিতে না থাকায় কষ্ট পেয়েছেন। তাঁদের উদ্দেশে বলতে চাই, দেশ ও দলের প্রয়োজনে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সবাই মিলে দলকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।”
অন্যদিকে বিএনপিকর্মী এহসান হক মিলন বলেন, “রফিকুল ইসলাম রাসেল ভাইয়ের দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আল্লাহ হয়তো ভাইয়ের জন্য আরও ভালো কিছু রেখেছেন। আল্লাহ ভরসা।”



