
মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ মে) ভোর রাত ৩টায় বিএনপির বর্ষীয়ান এই নেতা ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সকালে বিএনপি মহাসচিবের পক্ষে দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন মরহুম নজির হোসেন। কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ী উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। একইসঙ্গে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়।
আরও পড়ুনঃ নিজের ঘরের সমস্যা ঘরেই সমাধানের অনুরোধ ইবি উপাচার্যের
এছাড়াও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের স্বাক্ষরিত পৃথক শোকবার্তায় নজির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নজির হোসেন স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১৬ মে) দুপুর আড়াইটায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



