― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে ইবি, আবাসিক হল...

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে ইবি, আবাসিক হল বন্ধ ১৫ দিন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। একইসঙ্গে আগামী ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত মোট ১৫ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২১ ও ২২ মে সাপ্তাহিক ছুটি থাকায় নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি শুরু হচ্ছে। এছাড়া ১১ ও ১২ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট ২৩ দিনের ছুটি কার্যকর হচ্ছে।

প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। আগামী ২৩ মে সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন বলেন, “ঈদের ছুটি উপলক্ষে আগামী ২৩ মে সকাল ১০টা থেকে ৭ জুন সকাল ১০টা পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এ বিষয়ে প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য নোটিশ দেওয়া হবে।”

আরও পড়ুনঃ জাবিতে ধর্ষণচেষ্টার বিরুদ্ধে চলমান আন্দোলনে সংহতি জবি শিক্ষার্থীদের

হল খোলা রাখার দাবির বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী লাল চিহ্নিত ছুটির দিনগুলোতে হল বন্ধ থাকে। এ সময় স্টাফদের দায়িত্ব পালনে বাধ্য করা যায় না, ফলে কিছু প্রশাসনিক সীমাবদ্ধতা তৈরি হয়।

তিনি আরও বলেন, “প্রতিটি ছুটিতেই কিছু শিক্ষার্থী আপত্তি জানায়। তবে শেষ পর্যন্ত খুব অল্পসংখ্যক শিক্ষার্থী হলে অবস্থান করে। শিক্ষার্থীরা অনেক সময় টিউশনি বা ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে হলে থাকতে চায়, কিন্তু এর দায়ভার প্রভোস্টদের নয়।”

তিনি জানান, একাডেমিক ক্যালেন্ডার প্রভোস্ট কাউন্সিল তৈরি করে না, বরং নির্ধারিত ক্যালেন্ডার অনুসরণ করা হয়। এছাড়া হল খোলা রাখার ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক জটিলতাও রয়েছে। ছুটির দিনে স্টাফদের ওভারটাইম বিল পরিশোধ নিয়ে জটিলতা থাকায় বিষয়টি বাস্তবায়নে সমস্যা তৈরি হচ্ছে।