
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তিন দিন পার হলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
গত মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে তিনি মসজিদ প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা জানান, বয়সজনিত কারণে তাঁর মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি নিয়মিত নামাজ পড়তে মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে নিখোঁজের পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশ্যনু জানান, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি হেডকোয়ার্টার ও বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম শূন্য পদে অধ্যাপক হলেন ড. নঈম আক্তার সিদ্দিক
নিখোঁজ মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তাঁর মুখে সাদা দাড়ি রয়েছে। উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে বলে পরিবার জানিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তাঁর সন্ধান পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাঁর ছেলে তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।



