
বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার কাশীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।



