
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মাদ্রাসাশিক্ষক। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন (৫৬)।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ওই মাদ্রাসা থেকে দুটি বাসে করে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক কক্সবাজারের উদ্দেশে রওনা হন। শনিবার ভোর চারটার দিকে পেছনে থাকা বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশের একটি ডোবায় পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুনঃ জীবননগর সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলি, আহত বাংলাদেশি
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তাঁদের ধারণা, অতিরিক্ত গতি ও চালকের চোখে ঘুম থাকার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। নিহত দুজনের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



