― Advertisement ―

spot_img

জাপান প্রবাসী নারীর ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে জাপান প্রবাসী এক নারীর কাছ থেকে ১৮ লাখ টাকা, আইফোন ও মোটরসাইকেল আত্মসাৎ এবং আরও পাঁচ...
প্রচ্ছদসারা বাংলাজাপান প্রবাসী নারীর ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

জাপান প্রবাসী নারীর ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে জাপান প্রবাসী এক নারীর কাছ থেকে ১৮ লাখ টাকা, আইফোন ও মোটরসাইকেল আত্মসাৎ এবং আরও পাঁচ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে জান্নাতুল নাঈম ওরফে ‘অন্তর সরকার ধ্রুব’ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষের একজনকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়েরেরও অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার আড়াইআনি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান। তিনি জাপান প্রবাসী লিমা সাহার পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান অভিযোগ করেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা জান্নাতুল নাঈম মুসলিম ও বিবাহিত হওয়া সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে নিজের ছবি পরিবর্তন করে ‘অন্তর সরকার ধ্রুব’ নামে অবিবাহিত হিন্দু যুবকের পরিচয় তৈরি করেন। ওই পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিমা সাহার সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতা গড়ে তুলে প্রেমের সম্পর্ক এবং বিয়ের প্রলোভন দেখানো হয় বলে দাবি করেন তিনি।

মিজানুর রহমানের অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে লিমা সাহার কাছ থেকে কয়েক দফায় ১৮ লাখ টাকা, একটি আইফোন ও একটি মোটরসাইকেল নেওয়া হয়। পরবর্তী সময়ে আরও পাঁচ লাখ টাকা দাবি করা হলে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় লিমা সাহার। পরে জাপান প্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে তিনি আরিফুলের ভাই মিজানুর রহমানের সহযোগিতা নেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মিজানুর রহমানের ভাষ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর লিমা সাহার পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে জান্নাতুল নাঈমকে নালিতাবাড়ীতে ডেকে আনা হয়। সেখানে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করা হয়। এ সময় নিজের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জামানত রেখে লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করে উল্টো মিজানুর রহমানকে হুমকি দেওয়া এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মিজানুর রহমানের দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাপান থেকে মোবাইল ফোনে যুক্ত হন ভুক্তভোগী লিমা সাহা। তিনি তাঁর সঙ্গে প্রতারণার বিস্তারিত তুলে ধরেন এবং টাকা ও আইফোন পাঠানোর রসিদসহ বিভিন্ন প্রমাণ সাংবাদিকদের দেখান। এ সময় অভিযুক্ত জান্নাতুল নাঈমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আত্মসাৎ করা অর্থ ও মালামাল উদ্ধারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আত্মসাৎ করা টাকা ও মালামাল উদ্ধার এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।