
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার অর্থবিষয়ক সম্পাদক বলে পরিচয় দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তাঁরা।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের কথা তিনি শুনেছেন। ঘটনার সময় তাঁরা ক্যাম্পাসে ছিলেন না। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে।
সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে আটক করেছেন। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।



