
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ কোনো মানুষের নয়, বরং মহান আল্লাহর দেশ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “এ দেশে চলবে আল্লাহর আইন। আমরা চাই আগামী জাতীয় সংসদে কুরআন নিয়ে যেতে, যাতে রাষ্ট্র পরিচালনা কুরআন ও সুন্নাহর আলোকে হয়।”
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী আপেল।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “যারা আল্লাহর আইন চায় না, তারা দেশের মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। এদেশের ৮০ ভাগ মানুষ কৃষক, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, অথচ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে জালিম শাসকরা ক্ষমতায় থেকে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদ হচ্ছে শয়তানের চিন্তা। মহানবী (সা.) কখনো জাতীয়তাবাদ সমর্থন করেননি। আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে কুরআন ও সুন্নাহভিত্তিক মদিনা মডেলের রাষ্ট্রব্যবস্থা।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন হতে হবে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক) পদ্ধতিতে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ ও সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। জুলাই সনদ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন দিতে হবে—একসঙ্গে দুটো আয়োজন গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “যেভাবে সাধারণ শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরকে বিজয়ী করছে, তেমনি আগামী দিনেও ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে গোলাম রব্বানীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
আরও পড়ুনঃ আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার
শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া–৭ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সংগঠনের সেক্রেটারি জেনারেল এস. এম. শাজাহান, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



