
নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শহীদ ছাত্রদল নেতা ফারুক হোসেনের কবর জিয়ারত করেছেন যশোর-৪ সংসদীয় আসনের (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় তিনি অভয়নগর উপজেলার সরখোলা গ্রামে শহীদ ফারুক হোসেনের গ্রামের বাড়িতে যান।
এ সময় তিনি শহীদ ফারুকের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং পরে তাঁর কবরে জিয়ারত ও দোয়া করেন।
জিয়ারতকালে মতিয়ার রহমান ফারাজীর সঙ্গে উপস্থিত ছিলেন অভয়নগর বিএনপির অন্যতম সদস্য ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সেলিম রেজা, বিএনপি নেতা ফ. ম. আলাউদ্দিন, তরফদার আকতার হোসেন, তরফদার নাজির উদ্দিন, বাশির উদ্দিন, মাইন উদ্দিন, সাবেক কমিশনার ফারুখ হোসেন, হাফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড নেতা ডাবলু বেগ, আবেদ আলী, হারুন মোল্লাসহ সরখোলা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শহীদ ফারুক হোসেনের কবর জিয়ারতের খবর শুনে দল-মত নির্বিশেষে স্থানীয় গ্রামবাসীরাও সেখানে উপস্থিত হন। জিয়ারত শেষে সমবেত জনতার উদ্দেশে বক্তব্যে মতিয়ার রহমান ফারাজী বলেন, শহীদ ফারুক হোসেন ছিলেন অভয়নগরবাসীর নয়নের মণি। তাঁর মতো জনপ্রিয় ও ত্যাগী নেতা আজও আর তৈরি হয়নি। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
আরও পড়ুনঃ অভয়ারণ্যের ‘কুহেলিকা’ উৎসবে উৎসবমুখর ইবি ক্যাম্পাস
উল্লেখ্য, অভয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা ফারুক হোসেন ১৯৯২ সালের ১০ জুন অভয়নগর উপজেলা বিএনপির কার্যালয়ে নির্মমভাবে নিহত হন। ওই হত্যাকাণ্ড দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফোন করে ঘটনার খোঁজখবর নেন। পাশাপাশি তৎকালীন মন্ত্রী তরিকুল ইসলাম শহীদ ফারুকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। অভয়নগরের রাজনৈতিক ইতিহাসে শহীদ ফারুক হোসেন ছিলেন স্মরণকালের অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা।



