― Advertisement ―

spot_img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসু-ছাত্রশক্তির সংঘর্ষে আহত অন্তত ৫০

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসু-ছাত্রশক্তির সংঘর্ষে আহত অন্তত ৫০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসু-ছাত্রশক্তির সংঘর্ষে আহত অন্তত ৫০

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এসব সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, শহীদ মিনার ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় ছড়িয়ে পড়ে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেন জানান, দুপুরের পর থেকে আহতরা হাসপাতালে আসতে শুরু করেন। বিকেল ৪টা পর্যন্ত অন্তত ৫০ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১৫ থেকে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সেমিনারে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের দৃষ্টি আকর্ষণের জন্য জকসু নেতা-কর্মীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারের ল্যাব সুবিধা এবং চিকিৎসক নিয়োগের দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে সেমিনার শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদল, জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা আহত হন।

জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সঙ্গে ধাক্কাধাক্কি ও অবস্থান কর্মসূচির বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুনঃ রায়পুরে ভয়াবহ লোডশেডিং: ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীনতায় বিপর্যস্ত জনজীবন

জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, সেমিনার শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ, জকসুর ভিপি, জিএস ও এজিএস মারধরের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দাবি করেন, ইউজিসি চেয়ারম্যানকে অপমানের উদ্দেশ্যে ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠন কর্মসূচি নিতে চেয়েছিল। তাঁদের সরে যেতে বলা হলেও না সরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলেরও অনেক নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।

এদিকে বিকেল তিনটা ও পাঁচটার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের ওপর আবারও হামলার অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের দাবি, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কিছু নেতা-কর্মী এ হামলা চালান।