― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি সংঘর্ষ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন, শান্ত থাকার আহ্বান উপাচার্যের

জবি সংঘর্ষ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন, শান্ত থাকার আহ্বান উপাচার্যের

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষ ও হামলার ঘটনার তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসানকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. শহিদুল্লাহ। কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

বিকেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন আগে থেকেই বিভিন্ন ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছে। জাতীয় গুরুত্বপূর্ণ এ কর্মসূচিকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসু-ছাত্রশক্তির সংঘর্ষে আহত অন্তত ৫০

তিনি বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ইউজিসির সহযোগিতার বিষয়টি বিবেচনায় রেখেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ দিনে সবার সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল। কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে পুরো আয়োজন ব্যাহত হয়েছে।

উপাচার্য আরও বলেন, সংঘর্ষের সময় তিনি নিজে সেমিনার থেকে বের হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছিলেন। তবে কেউ তাঁর আহ্বানে সাড়া দেননি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলার স্থান নেই।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষে উপাচার্য দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানিতে কান না দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।