
ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা জেলা থেকে আগত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও মিলনমেলায় পরিপূর্ণ।
সাধারণ সম্পাদক মোস্তফা ওয়াসিফ সাদ তার বক্তব্যে বলেন, খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের আশা ও আস্থার ঠিকানা। বিশ্ববিদ্যালয় জীবনে একতাবদ্ধতা ও পারস্পরিক সহযোগিতাই আমাদের শক্তি। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি মো. হাসিবুর রহমান শেখ বলেন, খুলনা থেকে আগত শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত, খেলাধুলা ও সার্বিক প্রয়োজনে সমিতি সব সময় পাশে থাকবে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। খুলনার শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় জীবনে কোনো ধরনের সমস্যায় না পড়ে, সে লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুনঃ ইবিতে ইসলামিক ফাউন্ডেশন কর্নার উদ্বোধন
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সকল শিক্ষার্থী একসঙ্গে ইফতারে অংশ নেন।
পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াদুল আমিন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও খুলনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।



