
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ: জ্বালানি প্রাপ্যতা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঈদুল আজহার ছুটির পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃহস্পতিবারের অনলাইন ক্লাস ব্যবস্থা বাতিল করা হয়েছে। একইসঙ্গে পূর্বের নিয়ম অনুযায়ী সেদিন সশরীরে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকট আপাতত দূর হওয়ায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পরিবর্তে পুনরায় সশরীরে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ২০ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
আরও পড়ুনঃ চাঁদাবাজির অভিযোগে ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৭ জুন ২০২৬ সালের পর থেকে বৃহস্পতিবারের সব অনলাইন ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়মিতভাবে ক্যাম্পাসে উপস্থিত হয়ে ক্লাস ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, সরকারের ব্যয়সংকোচন নীতির অংশ হিসেবে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।



