
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটি (এইচডিএস)-এর উদ্যোগে চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের ৩২৫ নম্বর কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির মডারেটর আবুল বাশার নাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোকসানা আক্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর আনজুম বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী বলেন, “আমি মনে করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অন্যতম প্রাণ অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের এই ডিবেটিং সোসাইটি। এই সংগঠন যেন ইতিহাস বিভাগের সুনাম ও পরিচয়কে আরও সমুন্নত রাখে।”
বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও কাঙ্ক্ষিত সাংস্কৃতিক পরিবেশ এখনো গড়ে ওঠেনি। এখনই সময় বিশ্ববিদ্যালয় ও বিভাগকে সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত করার। ইতিহাস বিভাগ যদি এ ধরনের উদ্যোগ না নেয়, তবে আর কে নেবে?”
তিনি ভবিষ্যতে ইতিহাস বিভাগে ফিল্ম সোসাইটি ও সাহিত্য ক্লাব চালুর আহ্বান জানান এবং ডিবেটিং সোসাইটির কার্যক্রমে বিভাগের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ নিজস্ব শিক্ষককেই ট্রেজারার চায় জবি, বহিরাগত নিয়োগ হলে আন্দোলনের হুঁশিয়ারি
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের মডারেটর আবুল বাশার নাহিদ বলেন, “যারা একেবারেই নতুন, আশা করি আপনারা নিয়মিত বিতর্কচর্চা চালিয়ে যাবেন। একটি ক্লাবে একাধিক দক্ষ দল থাকলে সংগঠন যেমন শক্তিশালী হয়, তেমনি বিভাগের সুনামও বৃদ্ধি পায়। বেশি বেশি বিতর্ক করুন এবং বিভাগের জন্য গৌরব বয়ে আনুন।”
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিতর্কের কৌশল, যুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং কার্যকর উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তার বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



