
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ৮টার ক্লাস শুরুর আগে তারা শ্রেণিকক্ষে অপেক্ষা করছিলেন। আনুমানিক সকাল ৮টা ১৫ মিনিটে শ্রেণিকক্ষের বাম পাশে ছাত্রীদের বসার অংশে চলন্ত অবস্থায় একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে বেঞ্চের ওপর পড়ে যায়।
এ সময় বেঞ্চের এক পাশে বসে থাকা এক ছাত্রী ফ্যানের আঘাতে আহত হন। ঘটনাটি ঘটতেই শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান অন্য শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার
ঘটনার পরপরই সহপাঠীরা আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার পর শ্রেণিকক্ষের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর শ্রেণিকক্ষের বৈদ্যুতিক ও অবকাঠামোগত নিরাপত্তা দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অনেক শিক্ষার্থী হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছিলেন।



