
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং সব ছাত্রসংগঠনের জন্য প্রশাসনের ঘোষিত সিদ্ধান্ত সমানভাবে কার্যকর করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে এ স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।
স্মারকলিপিতে ছাত্রদল জানায়, তারা পূর্বঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি নিজেদের কর্মসূচি স্থগিত রাখে।
এতে আরও বলা হয়, প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে একটি ছাত্রসংগঠনের কিছু নেতাকর্মী কর্মসূচি পালনের চেষ্টা করছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত নির্দেশনার পরিপন্থী। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুনঃ শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
ছাত্রদল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে স্মারকলিপিতে বলে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত সব ছাত্রসংগঠনের ক্ষেত্রে সমানভাবে কার্যকর করতে হবে। একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি সমানভাবে বন্ধ রাখার দাবি জানিয়ে তারা উল্লেখ করে, যদি কোনো একটি সংগঠনকে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়, তাহলে অন্য সংগঠনগুলোকেও একই সুযোগ দিতে হবে।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে ছাত্রদল জানায়, সবার জন্য সমান নীতি অনুসরণ করা হলে ক্যাম্পাসে শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।



